উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচনকে কেন্দ্র করে জাতীয় সংসদে দলভিত্তিক হিসাব-নিকাশ চূড়ান্ত রূপ নিয়েছে। জাতীয় সংসদের ৩৪৯ জন যোগ্য ভোটারের মধ্যে বিএনপি এককভাবে ২৪৭টি আসন নিয়ে সবচেয়ে শক্তিশালী অবস্থানে রয়েছে। সংবিধানের ৭০ অনুচ্ছেদ অনুযায়ী সংসদ সদস্যদের নিজ দলের সিদ্ধান্তের বাইরে ভোট দেওয়ার সুযোগ না থাকায়, বিএনপির ২৪৭টি ভোটই তাদের প্রার্থীর ঝুলিতে যাওয়ার কথা। বৃহস্পতিবার দুপুর ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত সংসদের অধিবেশন কক্ষে টানা ভোটগ্রহণ চলবে।
জাতীয় সংসদের মোট ৩৫০টি আসনের মধ্যে চট্টগ্রাম-৪ আসনের সংসদ সদস্যপদ বাতিল হওয়ায় এবারের নির্বাচনে মোট ভোটারের সংখ্যা দাঁড়িয়েছে ৩৪৯ জনে। চূড়ান্ত তালিকা অনুযায়ী, দলটির একক সংসদ সদস্য সংখ্যা ২৪৭ জন এবং জামায়াতে ইসলামী ৭৭ জন সদস্য নিয়ে দ্বিতীয় অবস্থানে রয়েছে। এছাড়া জাতীয় নাগরিক পার্টি আটজন, স্বতন্ত্র আটজন, বাংলাদেশ খেলাফত মজলিস তিনজন এবং অন্যান্য ছোট দলগুলোর মিলিয়ে রয়েছে ছয়জন সংসদ সদস্য।
বিএনপির ২৪৭ জন সংসদ সদস্যের সমর্থন নিয়ে তাদের প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর জয়ের কাছাকাছি অবস্থান করছেন। অন্যদিকে, জামায়াতের ৭৭ জন সদস্যের পাশাপাশি এনসিপি ও জোটের শরিকদের সমর্থন নিয়ে অলি আহমদ প্রতিদ্বন্দ্বিতা করছেন। এদিকে ভোটার তালিকায় নাম থাকলেও চিকিৎসার জন্য দেশের বাইরে থাকায় বিএনপির সংসদ সদস্য মির্জা আব্বাসের উপস্থিতি নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে। তিনি ভোট দিতে না আসলে দলটি নির্ধারিত ২৪৭ ভোটের থেকে এক ভোট কম পাবে।
২২তম রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ২৪ জুলাই পদত্যাগ করার পর ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব নেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। সাংবিধানিক বিধান অনুযায়ী নির্বাচন কমিশন নতুন রাষ্ট্রপতি নির্বাচনের প্রক্রিয়া শুরু করে। গত ৬ আগস্ট তফসিল ঘোষণার পর ৩ আগস্ট মনোনয়নপত্র জমা, ১৬ আগস্ট যাচাই-বাছাই এবং ১৮ আগস্ট প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ছিল। সব প্রক্রিয়া শেষে নির্ধারিত নিয়ম মেনেই আজকের এই নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে।