উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
আওয়ামী লীগ সরকারের আমলে চাকরিচ্যুত হওয়া ১ হাজার ৫২২ জন পুলিশ সদস্য তাদের দ্রুত চাকরিতে পুনর্বহালের দাবি জানিয়েছেন। ফেসবুকে মন্তব্য ও পারিবারিক অভিযোগসহ নানা অজুহাতে তাদের চাকরিচ্যুত করা হয়েছে বলে অভিযোগ করেন তারা। বৃহস্পতিবার সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে চলমান অবস্থান কর্মসূচি থেকে তারা এই হুঁশিয়ারি দেন। দ্রুত পুনর্বহাল করা না হলে তারা আমরণ কর্মসূচিতে যাওয়ার ঘোষণা দিয়েছেন।
ভুক্তভোগী পুলিশ সদস্যদের একজন নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানার সাবেক এসআই মামুন সিরাজুল হক এই আন্দোলন পরিচালনা করছেন। তিনি জানান, চব্বিশের ৮ আগস্ট অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান ড. মুহাম্মদ ইউনূসের আমলে তারা চাকরি পুনর্বহালের আবেদন করেন। এর পরিপ্রেক্ষিতে তখনকার স্বরাষ্ট্র উপদেষ্টা সাখাওয়াত হোসেন প্রজ্ঞাপন জারি করলেও পুলিশ সদর দপ্তর টালবাহানা করছে। বিভাগীয় মামলায় যথেষ্ট ত্রুটি-বিচ্যুতি থাকার পরও তা নিরসনে কোনো কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি বলে অভিযোগ করেন তারা।
চাকরি হারিয়ে দুই বছর ধরে রাস্তায় ঘুরে বেড়ানো এসব পুলিশ সদস্য প্রধানমন্ত্রী বরাবর তাদের পুনর্বহালের আকুতি জানিয়েছেন। দাবি আদায়ে তারা লাগাতার অবস্থান কর্মসূচি চালিয়ে যাচ্ছেন এবং তাদের ৫ মিনিট সময় দেওয়ার জন্য প্রধানমন্ত্রীর সাক্ষাৎ চেয়েছেন। অনিশ্চিত ভবিষ্যৎ এড়াতে এবং পরিবার বাঁচাতে দাবি না মানলে তারা আমরণ কর্মসূচিতে যাওয়ার চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছেন।