উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
চট্টগ্রামের সিভিল সার্জন ডা. মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরীকে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা হিসেবে মহাখালী স্বাস্থ্য অধিদপ্তরে বদলি করা হয়েছে। একই প্রজ্ঞাপনে কুমিল্লার বরুড়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহাম্মদ সাজেদুর রহমানকে চট্টগ্রামের নতুন সিভিল সার্জন হিসেবে পদায়ন করা হয়। গত বুধবার স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগের পার-২ শাখা থেকে এই আদেশ জারি করা হয়। যুগ্মসচিব সাইফুল ইসলামের সই করা প্রজ্ঞাপনে জনস্বার্থে এই আদেশ জারির কথা উল্লেখ করা হয়েছে।
বদলি করা কর্মকর্তাদের আগামী ২৪ আগস্টের মধ্যে নতুন কর্মস্থলে যোগদান করতে হবে বলে প্রজ্ঞাপনে নির্দেশনা দেওয়া হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে যোগদান না করলে আগামী ২৫ আগস্ট থেকে তারা বর্তমান কর্মস্থল থেকে তাৎক্ষণিকভাবে অবমুক্ত বলে গণ্য হবেন। ২০২৪ সালের রাজনৈতিক পট পরিবর্তনের পর ডা. জাহাঙ্গীর আলমকে চট্টগ্রামের সিভিল সার্জন হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছিল।
তার মেয়াদকালে সিভিল সার্জন কার্যালয়ের অধীনে স্বাস্থ্য সহকারীসহ ১৭১টি পদে নিয়োগ পরীক্ষাকে কেন্দ্র করে বড় ধরনের অনিয়মের অভিযোগ ওঠে। পরীক্ষার্থীদের সময়মতো এসএমএস না পাওয়া, ওএমআর শিট পূরণ নিয়ে বিভ্রান্তি এবং দ্রুত ফল প্রকাশ নিয়ে প্রশ্ন তৈরি হয়। এসব বিষয় নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক সমালোচনা হয়েছিল।
এর আগে সিভিল সার্জন কার্যালয়ের এক কর্মচারীর বিরুদ্ধে ডা. জাহাঙ্গীরের নাম ব্যবহার করে অর্থ আদায়ের অভিযোগ পাওয়া যায়। অভিযোগ জানাজানি হওয়ার পর কার্যালয়ের ভেতরে তা আপস-মীমাংসার উদ্যোগ নেওয়ার অভিযোগও রয়েছে। এছাড়া চট্টগ্রামের বিভিন্ন বেসরকারি ক্লিনিক, হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারের লাইসেন্স প্রদান এবং নবায়ন নিয়ে দীর্ঘদিন ধরে নানা অভিযোগ ছিল।