উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
ক্যানসার রোগীদের উন্নত ও সমন্বিত চিকিৎসাসেবা নিশ্চিত করতে বাংলাদেশ ও চীনের স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানগুলোর মধ্যে সহযোগিতা বৃদ্ধির উদ্যোগ নেওয়া হয়েছে। বুধবার ১৯ আগস্ট চট্টগ্রামের ওয়েল পার্ক রেসিডেন্সে চট্টগ্রাম মেডিকেল ট্রাভেল ফোরামের (সিএমটিএফ) আয়োজনে এ বিষয়ে একটি সংবাদ সম্মেলন ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে কৌশলগত সহযোগী হিসেবে চীনের মডার্ন ক্যানসার হসপিটাল গুয়াংজু অংশ নেয়।
অনুষ্ঠানে ক্যানসার সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি, প্রাথমিক পর্যায়ে রোগ নির্ণয় এবং রোগীদের জন্য একটি দায়িত্বশীল সেবা কাঠামো গড়ে তোলার ওপর জোর দেওয়া হয়। মডার্ন ক্যানসার হসপিটাল গুয়াংজুর বিশেষজ্ঞ ডা. উ ওয়েই ইন্টারভেনশনাল থেরাপি, ক্রায়োঅ্যাবলেশন ও মাইক্রোওয়েভ অ্যাবলেশনের মতো আধুনিক চিকিৎসাপদ্ধতিগুলো তুলে ধরেন। তিনি অস্ত্রোপচার ছাড়াই ক্যানসার চিকিৎসার বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত আলোচনা করেন।
বক্তারা স্বচ্ছ ও নৈতিক রোগী রেফারেল ব্যবস্থার ওপর গুরুত্বারোপ করেন। ভবিষ্যতে যাচাই-বাছাইয়ের মাধ্যমে যোগ্য প্রতিষ্ঠানগুলোর সঙ্গে সমঝোতা স্মারক সইয়ের সম্ভাবনা নিয়েও আলোচনা হয়। আয়োজকদের প্রত্যাশা, এই উদ্যোগের ফলে চট্টগ্রামের ক্যানসার রোগীদের কাছে নির্ভরযোগ্য চিকিৎসা তথ্য পৌঁছে দেওয়া সম্ভব হবে এবং দুই দেশের স্বাস্থ্যসেবা খাতের সম্পর্ক আরও সুদৃঢ় হবে।