উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
নকশাবহির্ভূত ও অনুমোদনহীন ভবন নির্মাণের বিরুদ্ধে বড় ধরনের অভিযান চালিয়েছে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ (সিডিএ)। বুধবার (১৯ আগস্ট) নগরীর কোতোয়ালি ও চকবাজার এলাকায় পরিচালিত এই অভিযানে সাবেক মেয়র রেজাউল করিমের ভবনসহ মোট সাতজন মালিককে ২৭ লাখ টাকা জরিমানা করা হয়েছে।
বিশেষ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট হামীমুন তানজীনের নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়। চকবাজারের চট্টেশ্বরী রোডে অবস্থিত সাবেক মেয়র রেজাউল করিমের ছয়তলা ‘হামদর্দ বিল্ডিং’-এর পার্কিং স্পেসে দোকান নির্মাণের দায়ে মালিকপক্ষকে ২ লাখ টাকা জরিমানা করা হয়। আগামী নভেম্বরের মধ্যে অবৈধ দোকান অপসারণের নির্দেশও দেওয়া হয়েছে।
অভিযানে সিপিডিএল, পি টু পি ও জুমাইরাসহ বিভিন্ন ডেভেলপার প্রতিষ্ঠানের ভবনেও অনিয়ম ধরা পড়ে। জরিমানার পাশাপাশি একটি ভবন সিলগালা করা হয়েছে এবং দুটি ভবনের মালিকের কাছ থেকে মুচলেকা নেওয়া হয়েছে।
সিডিএ চেয়ারম্যান ইঞ্জিনিয়ার বেলায়েত হোসেন জানান, অপরিকল্পিত ও অবৈধ স্থাপনা নির্মাণের বিরুদ্ধে সিডিএ জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছে। নগরীতে শৃঙ্খলা ফেরাতে এবং পরিকল্পিত চট্টগ্রাম গড়তে এই ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে বলে তিনি ঘোষণা দিয়েছেন।