উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
মৌসুমি বায়ু বাংলাদেশের ওপর মোটামুটি সক্রিয় থাকায় আগামী ৫ দিন দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টি ও বজ্রবৃষ্টির প্রবণতা অব্যাহত থাকবে। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, এই সময়ে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে।
বুধবার সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ১২০ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং দেশের অন্যান্য বিভাগের কিছু কিছু জায়গায় দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে। ঝাড়খন্ড ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত স্থল নিম্নচাপটি দুর্বল হয়ে সুস্পষ্ট লঘুচাপে পরিণত হয়েছে।
বুধবার ঢাকায় সন্ধ্যা ৬টায় বাতাসের আপেক্ষিক আর্দ্রতা ছিল ৬৯ শতাংশ এবং বাতাসের গতিবেগ ছিল ঘণ্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার। আগামীকাল বৃহস্পতিবার ঢাকায় সূর্যাস্ত সন্ধ্যা ৬টা ২৮ মিনিটে এবং সূর্যোদয় ভোর ৫টা ৩৫ মিনিটে হবে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।