উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
চট্টগ্রামে পর্নোগ্রাফি ভিডিও তৈরি করে ব্ল্যাকমেইল ও অর্থ আদায়ের অভিযোগে কালা মিয়া ওরফে কালাম মিয়া নামে ৪০ বছর বয়সী এক যুবককে গ্রেপ্তার করেছে ডবলমুরিং মডেল থানা পুলিশ। বুধবার ঢাকার আশুলিয়ার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
অভিযোগ অনুযায়ী, গত ১৪ জুন মতিউর রহমান নামে এক ব্যক্তির হোয়াটসঅ্যাপ নম্বরে অশ্লীল ছবি পাঠিয়ে প্রলোভন দেখানো হয়। পরে ভিডিও কলের মাধ্যমে গোপনে ধারণ করা ছবি এডিট করে অশ্লীল ভিডিও তৈরি করে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে তার কাছ থেকে ৩৩ হাজার ৫০০ টাকা হাতিয়ে নেওয়া হয়।
ঘটনার পর মামলা দায়ের হলে পুলিশ তদন্ত শুরু করে। অভিযানে কালাম মিয়ার কাছ থেকে তিনটি মোবাইল ফোন ও ছয়টি সিম কার্ড জব্দ করা হয়েছে, যার মধ্যে বিভিন্ন ব্যক্তির অশ্লীল ভিডিও ও ছবি পাওয়া গেছে।
পুলিশ জানিয়েছে, গ্রেপ্তারকৃত কালাম মিয়ার বিরুদ্ধে আগেও একাধিক মামলা রয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে বুধবার তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।