উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
তৃণমূল পর্যায়ের অর্থনৈতিক কর্মকাণ্ড চাঙ্গা করতে ও টেকসই কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে বাংলাদেশ ব্যাংক ও পিকেএসএফের মধ্যে ৫ হাজার কোটি টাকার একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে। বুধবার বাংলাদেশ ব্যাংক ভবনে আয়োজিত অনুষ্ঠানে নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন এসএমই অ্যান্ড স্পেশাল প্রোগ্রামস ডিপার্টমেন্টের পরিচালক নওশাদ মোস্তাফা এবং পিকেএসএফের ব্যবস্থাপনা পরিচালক মো: ফজলুল কাদের।
চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর ড. মো: কবির আহমেদ ও মো: আনিছুর রহমানসহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। গত ২৩ মে দেশের কর্মসংস্থান বেগবান করার লক্ষ্যে এই বিশেষ প্রণোদনা তহবিল ঘোষণা করেছিল বাংলাদেশ ব্যাংক।
এই কর্মসূচির মূল লক্ষ্য হলো গ্রামীণ ও প্রান্তিক জনগোষ্ঠীর মধ্য থেকে নতুন উদ্যোক্তা সৃষ্টি, নারী ও যুব উদ্যোক্তাদের ক্ষমতায়ন এবং ক্ষুদ্র ব্যবসার সম্প্রসারণ করা। আর্থিক পরিষেবা প্রদান, ভ্যালু চেইন উন্নয়ন ও উদ্যোক্তাদের দক্ষতা বৃদ্ধির মাধ্যমে এই কর্মসূচি বাস্তবায়িত হবে।
পিকেএসএফ এই তহবিলের আওতায় মাইক্রোএন্টারপ্রাইজ খাতে দুই লাখ কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যমাত্রা নিয়ে কাজ করবে। মাঠপর্যায়ের চাহিদা মেটাতে এই প্রণোদনা তহবিলটি আবর্তক তহবিল হিসেবে পরিচালিত হবে, যা দেশের মাইক্রোএন্টারপ্রাইজ খাতকে অন্তর্ভুক্তিমূলক প্রবৃদ্ধির চালিকাশক্তিতে রূপান্তর করবে।