উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
সাভারের ব্যাংক কলোনির বাসিন্দা মো. আব্দুল্লাহ আল মুনিম দীর্ঘ ১৫ বছর ধরে পোশাক শিল্পে মার্চেন্ডাইজিং ও বিপণন বিভাগে কর্মরত ছিলেন। কিন্তু হঠাৎ অসুস্থ হয়ে পড়ায় তিন মাস পর কাজে ফিরেও তিনি চাকরিটি হারান, যা তার তিন সন্তান ও পরিবারের জন্য চরম অনিশ্চয়তা তৈরি করে।
এই সংকট থেকে মুক্তি পেতে তিনি ঢাকা জেলা প্রশাসনের ‘হ্যালো ডিসি’ প্ল্যাটফর্মে সহায়তার আবেদন জানান। গত বুধবার জেলা প্রশাসকের কার্যালয়ে প্রশাসক ফরিদা খানমের সঙ্গে সাক্ষাতের সময় সেখানে উপস্থিত ছিলেন এম এম ইন্টারন্যাশনালের সিইও মশিউর রহমান।
মুনিমের অভিজ্ঞতার কথা শুনে মশিউর রহমান তাৎক্ষণিকভাবে তাকে নিজের প্রতিষ্ঠানে চাকরির প্রস্তাব দেন এবং জেলা প্রশাসকের উপস্থিতিতেই নিয়োগপত্র তুলে দেন। এই মানবিক উদ্যোগে মুনিম নতুন করে বাঁচার স্বপ্ন দেখছেন বলে জানান।
জেলা প্রশাসক ফরিদা খানম বলেন, সরকারি উদ্যোগের পাশাপাশি সমাজের বিত্তবানরা এভাবে এগিয়ে এলে অসহায় মানুষের জীবনযাত্রায় বড় ইতিবাচক পরিবর্তন আনা সম্ভব।