উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
কক্সবাজারের টেকনাফে নাফ নদীতে অভিযান চালিয়ে একটি কাঠের বোট থেকে দুটি বিদেশি আগ্নেয়াস্ত্র, ম্যাগাজিন ও ২৩২ রাউন্ড তাজা গুলি উদ্ধার করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। বুধবার ১৯ আগস্ট কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য নিশ্চিত করেছেন। তবে এই ঘটনায় জড়িত কাউকে আটক করা সম্ভব হয়নি।
কোস্ট গার্ড জানায়, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারে মিয়ানমার থেকে একটি অসাধু চক্র নাফ নদী দিয়ে বাংলাদেশের অভ্যন্তরে রোহিঙ্গা ক্যাম্পের সন্ত্রাসী গোষ্ঠীর কাছে অস্ত্র হস্তান্তর করবে। এই তথ্যের ভিত্তিতে টেকনাফ স্টেশন সদস্যরা নদীতে অভিযান পরিচালনা করলে সন্দেহজনক একটি বোট নাইট্যংপাড়া প্যারাবনের ভেতরে ঢুকে পড়ে এবং পাচারকারীরা বোটটি ফেলে পালিয়ে যায়।
পরে তল্লাশি চালিয়ে জালের ভেতরে অভিনব কায়দায় লুকানো অবস্থায় একটি বিদেশি রাইফেল, একটি ৯ মিমি বিদেশি পিস্তল ও দুটি ম্যাগাজিন উদ্ধার করা হয়। একই সঙ্গে ২২৯ রাউন্ড রাইফেলের তাজা গুলি, দুই রাউন্ড তাজা ও এক রাউন্ড ফাঁকা পিস্তলের গুলি জব্দ করা হয়েছে। বর্তমানে এই ঘটনায় জড়িতদের ধরতে গোয়েন্দা নজরদারি ও টহল জোরদার করা হয়েছে।