উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
কোনো ব্যাংক হিসাব স্থগিতের আদেশ জারি করা হলে সংশ্লিষ্ট সব তথ্য অবিলম্বে বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটকে (বিএফআইইউ) জানানোর নির্দেশনা দেয়া হয়েছে। বুধবার (১৯ আগস্ট) বিএফআইইউর পরিচালক এ কে এম গোলাম মাহমুদ স্বাক্ষরিত এক চিঠিতে দেশের সব রিপোর্ট প্রদানকারী সংস্থার প্রধানদের এই নির্দেশ দেয়া হয়।
নির্দেশনায় বলা হয়েছে, মানিলন্ডারিং প্রতিরোধ আইন, ২০১২ (সংশোধিত ২০১৫) ও সন্ত্রাসবিরোধী আইন, ২০০৯-এর আওতায় বিএফআইইউ কোনো হিসাব স্থগিত করলে সংশ্লিষ্ট সংস্থাকে ওই হিসাবের বর্তমান স্থিতি জানাতে হবে। একইসঙ্গে ওই গ্রাহকের সাথে সংশ্লিষ্ট অন্যান্য সব হিসাবের তথ্যও তাৎক্ষণিকভাবে বিএফআইইউকে অবহিত করতে হবে।
মানিলন্ডারিং প্রতিরোধ বিধিমালা, ২০১৯-এর ২৬(৪) বিধি অনুযায়ী এই সিদ্ধান্ত কার্যকর করার কথা জানানো হয়েছে। আর্থিক খাতের শৃঙ্খলা বজায় রাখতে এবং মানিলন্ডারিং প্রতিরোধে এই কঠোর অবস্থান নিয়েছে বিএফআইইউ।