উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
বাংলাদেশের জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে সম্ভাব্য সব ধরনের সহায়তা দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন কাতারের প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আবদুল রহমান বিন জসিম আল থানি। বুধবার দোহায় কাতারের প্রধানমন্ত্রীর কার্যালয়ে পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানের সঙ্গে সাক্ষাৎকালে তিনি এই আশ্বাস দেন।
সাক্ষাৎকালে খলিলুর রহমান কাতারের প্রধানমন্ত্রীকে বাংলাদেশের প্রধানমন্ত্রীর শুভেচ্ছা পৌঁছে দেন। এ সময় তিনি এ অঞ্চলে শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখতে কাতারের গঠনমূলক ভূমিকার ভূয়সী প্রশংসা করেন। একই সঙ্গে কাতারকে বাংলাদেশের ভ্রাতৃপ্রতিম দেশ হিসেবে উল্লেখ করে বর্তমান সংকটময় পরিস্থিতিতে জ্বালানি সহায়তা অব্যাহত রাখার বিষয়ে আলোচনা হয়।
উল্লেখ্য, জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি হিসেবে নির্বাচিত হওয়ায় খলিলুর রহমানকে অভিনন্দন জানান কাতারের প্রধানমন্ত্রী। এ দায়িত্ব পালনে কাতারের পূর্ণ সমর্থন ও সহযোগিতা থাকবে বলে তিনি আশ্বস্ত করেন।
পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান কাতারের প্রধানমন্ত্রীকে সুবিধাজনক সময়ে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা বিষয়ক উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীর, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত এবং পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির।