উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
ভূমিসেবার মানোন্নয়ন, নাগরিক হয়রানি কমানো এবং জবাবদিহিমূলক ভূমি প্রশাসন নিশ্চিত করতে মাঠ পর্যায়ের অফিসগুলো নিয়মিত তদারকির নির্দেশ দিয়েছে ভূমি মন্ত্রণালয়। সম্প্রতি ভূমি মন্ত্রণালয়ের ডিজিটাইজেশন, নলেজ ম্যানেজমেন্ট ও পারফরমেন্স অনুবিভাগ থেকে দেশের সব জেলা প্রশাসকের কাছে এ সংক্রান্ত চিঠি পাঠানো হয়েছে।
জেলা প্রশাসকরা জেলার ভূমি প্রশাসনের প্রধান হিসেবে মাঠ পর্যায়ের সব অফিসের সার্বিক তত্ত্বাবধান করবেন। কর্মকর্তা-কর্মচারীদের নিয়মিত উপস্থিতি, দাপ্তরিক শৃঙ্খলা, নির্ধারিত সময়ে সেবা নিষ্পত্তি এবং নাগরিকদের সঙ্গে ভালো আচরণ নিশ্চিত করতে হবে।
অনলাইন সেবা, ই-নামজারি, ভূমি উন্নয়ন কর এবং ডিজিটাল রেকর্ড ব্যবস্থাপনার কার্যকারিতা নিয়মিত পর্যালোচনা করতে বলা হয়েছে। পাশাপাশি দালাল ও দুর্নীতিমুক্ত সেবা নিশ্চিত করতে কার্যকর ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে।
আকস্মিক পরিদর্শন পরিচালনা করে বাস্তব পরিস্থিতি মূল্যায়ন করতে হবে এবং গুরুতর অনিয়মের অভিযোগ পেলে তাৎক্ষণিক ব্যবস্থা নিতে হবে। মনিটরিংয়ের সার্বিক অগ্রগতি উল্লেখ করে একটি মাসিক প্রতিবেদন পরবর্তী মাসের ১০ তারিখের মধ্যে ভূমি মন্ত্রণালয়ে পাঠাতে হবে।