উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
নৌপরিবহন খাতকে নিরাপদ ও আধুনিক করতে দেশের ইতিহাসে প্রথমবারের মতো নৌযান শুমারি ২০২৬ পরিচালনার উদ্যোগ নেওয়া হয়েছে। নৌপরিবহন মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, আগামী ২০ আগস্ট থেকে দেশব্যাপী এই শুমারির তথ্য সংগ্রহ কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু হবে।
নৌপরিবহন অধিদপ্তর ও বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো যৌথভাবে এই শুমারি পরিচালনা করবে। আগামী ২০ থেকে ২৯ আগস্ট পর্যন্ত দেশব্যাপী সমুদ্রগামী, উপকূলীয় ও অভ্যন্তরীণ জলসীমায় চলাচলকারী সব ইঞ্জিনচালিত নৌযানের হালনাগাদ তথ্য সংগ্রহ করা হবে।
এই শুমারির মাধ্যমে দেশের নৌযানের সংখ্যা, ধরন, মালিকানা ও নিবন্ধনসহ প্রয়োজনীয় নানা তথ্য সংগ্রহ করা হবে। সংগৃহীত তথ্যের ভিত্তিতে প্রণীত ডাটাবেজ দেশের নৌপরিবহন খাতের পরিকল্পনা, ব্যবস্থাপনা এবং নিরাপত্তায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
শুমারি সফল করতে সংশ্লিষ্ট নৌযান মালিক, চালক ও শ্রমিকদের বিবিএস নিয়োজিত কর্মীদের সর্বাত্মক সহযোগিতা করার অনুরোধ জানানো হয়েছে। সঠিক তথ্য দিয়ে এই ঐতিহাসিক কার্যক্রম সফল করতে সবার আন্তরিক সহযোগিতা চাওয়া হয়েছে।