উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
দুর্নীতি দমন কমিশনের (দুদক) নতুন চেয়ারম্যান হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগের অবসরপ্রাপ্ত বিচারপতি এ কে এম আসাদুজ্জামান। সোমবার তাকে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করা হয় এবং বুধবার তিনি প্রধান কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে প্রথম কার্যদিবসে আলাপকালে দেশের ১৮ কোটি মানুষের প্রত্যাশা পূরণে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন। এ সময় তার সঙ্গে দুই কমিশনার ড. জাহাঙ্গীর আলম খান ও ড. সাজ্জাদ হোসেন ভূঁইয়া উপস্থিত ছিলেন।
সাংবাদিকদের সঙ্গে আলাপকালে দুদক চেয়ারম্যান বলেন, আপনারা আমাদের জন্য দোয়া করবেন, আমরা যেন মানুষের প্রত্যাশাকে সামনে রেখে দেশের জন্য কাজ করতে পারি ও দুদকের ভাবমূর্তি ফিরিয়ে আনতে পারি। স্বাধীনভাবে কাজ করার ক্ষেত্রে কোনো চাপের মুখে আছেন কি না—এমন প্রশ্নের জবাবে তিনি জানান, তারা কোনো চাপের মধ্যে নেই এবং স্বাধীনভাবেই কাজ করছেন।
কমিশনার ড. সাজ্জাদ হোসেন ভূঁইয়া বলেন, বাংলাদেশের একজন অত্যন্ত অভিজ্ঞ বিচারক এই কমিশনের চেয়ারম্যান হয়েছেন এবং তার নেতৃত্বে প্রতিটি বিষয়ে পুঙ্খানুপুঙ্খ ও নিরপেক্ষভাবে সিদ্ধান্ত দেওয়া হবে। এর আগে গত ৩ মার্চ দুদকের আগের চেয়ারম্যান ও কমিশনাররা পদত্যাগ করার পর সার্চ কমিটির মাধ্যমে নতুন এই কমিশন গঠন করা হয়।
বুধবার সকাল ৯টার দিকে দুদকে প্রবেশ করে নতুন চেয়ারম্যান ও কমিশনাররা প্রথম দিনের মতো অফিস করেন এবং সকাল ১০টায় কর্মকর্তাদের সঙ্গে পূর্বনির্ধারিত মতবিনিময় সভায় অংশ নেন। এর আগে গত সোমবার সুপ্রিম কোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি এ কে এম আসাদুজ্জামানকে চেয়ারম্যান এবং ড. জাহাঙ্গীর আলম খান ও ড. সাজ্জাদ হোসেন ভূঁইয়াকে কমিশনার হিসেবে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করা হয়।