উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
চট্টগ্রাম রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চল এলাকায় বাংলাদেশ রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চল কর্তৃপক্ষের নিরাপত্তারক্ষীদের ওপর হামলা, গাড়ি ভাঙচুর ও চোরকে ছিনিয়ে নেওয়ার ঘটনায় চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃতরা হলেন আসলাম শেখ, আব্দুল কাইয়ুম, মো. রাশেদ ও মো. রাসেল আলামিন। মঙ্গলবার রাতে সিইপিজেডের একটি শিল্পপ্রতিষ্ঠানে চুরির উদ্দেশ্যে প্রবেশের খবর পেয়ে বেপজার নিরাপত্তা টহল দল অভিযান চালায়।
১৮ আগস্ট রাত সাড়ে ৯টার দিকে মেসার্স তারিক আজিম টেক্সটাইল লিমিটেডে চোর প্রবেশের খবর পেয়ে বেপজার সহকারী নিরাপত্তা কর্মকর্তা আ.ব.ম. নাজির হোসেনের নেতৃত্বে টহল দল যায়। ধাওয়া করে আসলাম শেখকে আটক করার পর তাকে পুলিশে দেওয়ার জন্য নিয়ে যাওয়ার সময় সহযোগীরা হামলা চালায়। বেপজা সিকিউরিটি গেটের কাছে ৩০ থেকে ৪০ জনের একটি দল গাড়িটির গতিরোধ করে ভাঙচুর চালায় এবং আসলামকে ছিনিয়ে নেয়।
ঘটনার পর বেপজার সহকারী পরিচালক পাপ্পু দে বাদী হয়ে আসলাম শেখসহ নয়জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতপরিচয় আরও ৩০ থেকে ৪০ জনের বিরুদ্ধে ইপিজেড থানায় মামলা করেন। ইপিজেড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মুহাম্মদ আতিকুর রহমান জানান, ইপিজেড ও বন্দর থানা এলাকায় অভিযান চালিয়ে ছিনিয়ে নেওয়া আসলামসহ চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে গ্রেপ্তারকৃতদের আদালতে পাঠানো হয়েছে এবং বাকি আসামিদের গ্রেপ্তারে অভিযান চলছে।