উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে ফোন পেয়ে রাজধানীর মহাখালী বাস টার্মিনাল থেকে চুরি হওয়া এনা পরিবহনের একটি বাস উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় জড়িত অভিযোগে দুজনকে গ্রেপ্তার করা হয়েছে এবং বুধবার (১৯ আগস্ট) এ তথ্য নিশ্চিত করেছেন ৯৯৯-এর পরিদর্শক আনোয়ার সাত্তার।
বুধবার ভোর ৪টার দিকে মহাখালী টার্মিনাল থেকে মাহফুজ নামের এক ব্যক্তি ৯৯৯-এ ফোন করে জানান যে পার্কিং করে রাখা ৪০ আসনের এনা পরিবহনের একটি বাস চুরি হয়েছে। জিপিএস ট্র্যাকার দেখে তারা বুঝতে পারেন যে বাসটি মিরপুর বেড়িবাঁধ এলাকায় চলছে।
৯৯৯ থেকে তাৎক্ষণিকভাবে বিষয়টি ডিএমপি কন্ট্রোলরুম, তুরাগ ও রূপনগর থানাকে জানানো হলে রূপনগর থানা পুলিশ ধাওয়া করে বাসটি আটক করে। মিরপুর বেড়িবাঁধের পঞ্চবটি মোড় থেকে প্রায় ৫০০ গজ উত্তর থেকে ঢাকা মেট্রো-ব-১৪-৭৩০৯ নম্বরের বাসটি উদ্ধার করা হয়।
এ সময় বাস থেকে মো. রাসেল (২১) ও লালচান (৩০) নামের দুজনকে গ্রেপ্তার করা হয় এবং তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া বর্তমানে চলছে।