উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
চিলির রাষ্ট্রপতি জোসে এনটনিও কাস্ট-এর কাছে পরিচয়পত্র পেশ করেছেন দেশটিতে নিযুক্ত বাংলাদেশের অনাবাসিক রাষ্ট্রদূত মো. তৌহিদুল ইসলাম। সম্প্রতি রাষ্ট্রদূতের পরিচয়পত্র পেশ করার তথ্য বুধবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। পরিচয়পত্র পেশ করার পর রাষ্ট্রপতির সঙ্গে হওয়া বৈঠকে দ্বিপাক্ষিক সম্পর্কের বিভিন্ন গুরুত্বপূর্ণ দিক নিয়ে ফলপ্রসূ আলোচনা হয়।
বৈঠকে দুই দেশের অর্থনৈতিক সম্পর্ক জোরদার করতে চিলির পক্ষ থেকে উভয় দেশের মধ্যে মুক্ত বাণিজ্য অঞ্চল প্রতিষ্ঠার প্রস্তাব দেওয়া হয়। বর্তমানে দুই দেশের দ্বিপাক্ষিক বাণিজ্যের পরিমাণ প্রায় ৩০০ মিলিয়ন মার্কিন ডলার, যা উপযুক্ত বাণিজ্য কাঠামো ও মুক্ত বাণিজ্য অঞ্চলের মাধ্যমে কয়েক বিলিয়নে উন্নীত করার সম্ভাবনা রয়েছে। রাষ্ট্রদূত বাংলাদেশের তৈরি পোশাক, চামড়াজাত পণ্য এবং চিলির কপার ও লিথিয়াম বাণিজ্যের ওপর গুরুত্বারোপ করেন।
আগামী বছরের জানুয়ারি মাসে চিলির পররাষ্ট্রমন্ত্রী ফ্রান্সিসকো পেরেজ মাকেনা বাংলাদেশ সফর করবেন বলে আশা করা হচ্ছে। সেই সফরে মুক্ত বাণিজ্য অঞ্চল প্রতিষ্ঠাসহ পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে চুক্তি স্বাক্ষরিত হতে পারে। এছাড়া দুই দেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মধ্যকার দ্বিতীয় বার্ষিক পরামর্শক সভা আগামী অক্টোবর বা নভেম্বর মাসে ঢাকায় আয়োজনের প্রস্তুতি চলছে।