উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
বুধবার রাজধানীর তেজগাঁওয়ে ‘পাওয়ারিং দ্য ফিউচার : রবি কমপ্লিটস ঢাকা মডার্নাইজেশন’ শীর্ষক অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে বিটিআরসি চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) মো. এমদাদ উল বারী বলেন, শুধু ইন্টারনেট সংযোগ থাকলেই ডিজিটাল বিভাজন দূর হয় না। মানসম্মত ইন্টারনেটের অভাবও এখন বড় ধরনের ডিজিটাল বিভাজন তৈরি করছে। সময়ের সঙ্গে ডিজিটাল বিভাজনের ধারণা পরিবর্তিত হচ্ছে বিধায় সবার জন্য মানসম্মত ও কার্যকর ইন্টারনেট নিশ্চিত করতে হবে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি এবং বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী ফকির মাহবুব আনাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর ডাক ও টেলিযোগাযোগবিষয়ক উপদেষ্টা রেহান আসিফ আসাদ। এ সময় আরও উপস্থিত ছিলেন রবি আজিয়াটা পিএলসির প্রধান নির্বাহী কর্মকর্তা ও ব্যবস্থাপনা পরিচালক জিয়াদ সাতারা এবং রবি আজিয়াটার চিফ করপোরেট অ্যান্ড রেগুলেটরি অফিসার শাহেদ আলম।
হ্যান্ডসেট সহজলভ্য করার উদ্যোগের কথা জানিয়ে বিটিআরসি চেয়ারম্যান বলেন, এ বিষয়ে সরকারের পক্ষ থেকে বিভিন্ন সরকারি ও আর্থিক প্রতিষ্ঠানের সঙ্গে আলোচনা চলছে। হ্যান্ডসেট কেনার ক্ষেত্রে কিস্তি বা ইএমআই সুবিধা বাড়াতেও নিয়ন্ত্রক সহায়তা দেওয়া হচ্ছে। মোবাইল অপারেটরদের এ ধরনের কার্যক্রম আরও বাড়ানোর আহ্বান জানান তিনি।
২০২৯ সালের মধ্যে ২জি নেটওয়ার্ক বন্ধ করার লক্ষ্যের কথা তুলে ধরে এমদাদ উল বারী বলেন, লক্ষ্য নির্ধারণ করা সহজ হলেও তা বাস্তবায়ন জটিল। কারণ দেশের প্রায় অর্ধেক মানুষ এখনো ফিচার ফোন ব্যবহার করছেন। ২জি নেটওয়ার্ক বন্ধ করতে হলে তাই মানুষের হাতে ডেটা ব্যবহারের উপযোগী স্মার্টফোন বা হ্যান্ডসেট পৌঁছে দেওয়া জরুরি।