উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
চট্টগ্রাম নগরের আতুরের ডিপো এলাকায় বকেয়া বেতন ও বিভিন্ন দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন ইত্যাদি জিন্স কারখানার শ্রমিকরা। বুধবার সকালে শ্রমিকরা আতুরের ডিপো এলাকার প্রধান সড়কে অবস্থান নিলে তীব্র যানজটের সৃষ্টি হয়। এতে চরম ভোগান্তিতে পড়েন কর্মস্থলগামী মানুষ ও সাধারণ যাত্রীরা।
শ্রমিকদের অভিযোগ, দীর্ঘদিন ধরে তাদের বেতন-ভাতা বকেয়া রয়েছে এবং কারখানা কর্তৃপক্ষ তাদের অন্যান্য ন্যায্য দাবিও পূরণ করছে না। বকেয়া বেতন পরিশোধ ও দাবি দ্রুত বাস্তবায়নের দাবিতে তারা বাধ্য হয়ে সড়কে নেমেছেন। দ্রুত দাবি মানা না হলে আরও কঠোর কর্মসূচি দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন তারা।
অবরোধের খবর পেয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করেন এবং যান চলাচল স্বাভাবিক করেন। ইন্ডাস্ট্রিয়াল পুলিশ চট্টগ্রামের পুলিশ সুপার মাহমুদা বেগম জানান, পুলিশ ও থানা-পুলিশ ঘটনাস্থলে থেকে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করছে এবং উভয় পক্ষের সঙ্গে কথা বলে সমঝোতার চেষ্টা চলছে।