উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
রাজধানীর উত্তরা পূর্ব ও পল্টন এলাকায় পৃথক অভিযান চালিয়ে সাজাপ্রাপ্ত দুই আসামিসহ তিনজনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। গ্রেপ্তারকৃতদের মধ্যে দুজনের বিরুদ্ধে যথাক্রমে পাঁচ ও তিন বছরের সাজা রয়েছে এবং অন্যজনের বিরুদ্ধে রয়েছে ছয়টি পরোয়ানা। বুধবার ১৯ আগস্ট ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার নিয়াজ মেহেদী এই তথ্য নিশ্চিত করেছেন।
গত ১৮ আগস্ট মঙ্গলবার রাত সাড়ে ১১টার দিকে উত্তরা ৬ নম্বর সেক্টরের ৮ নম্বর রোডের একটি বাসায় অভিযান চালায় পুলিশ। গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত ওই অভিযানে কাজী শামসুর রহমান ও সাবানা আক্তার জুনি নামের দুই আসামিকে গ্রেপ্তার করা হয়। তাদের মধ্যে কাজী শামসুর রহমানের পাঁচ বছর এবং সাবানা আক্তার জুনির তিন বছরের সাজা রয়েছে।
অন্যদিকে রাজধানীর পল্টন থানাধীন শান্তিনগর আবাসিক এলাকায় অভিযান চালিয়ে আনিসুর রহমান প্রকাশ হুমায়ুন নামের একজনকে গ্রেপ্তার করেছে সিটিটিসি। তার বিরুদ্ধে পাঁচটি সিআর সাজা পরোয়ানা ও একটি সাধারণ সিআর পরোয়ানাসহ মোট ছয়টি পরোয়ানা রয়েছে। গতকাল মঙ্গলবার বিকেল সাড়ে তিনটার দিকে গোপন সংবাদের ভিত্তিতে এই অভিযান পরিচালিত হয়। গ্রেপ্তারকৃত তিন আসামির বিরুদ্ধে বর্তমানে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে বলে জানিয়েছেন ডিএমপির ওই কর্মকর্তা।