উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
মেজর লিগ সকারে আবারও হারের মুখ দেখল লিওনেল মেসির ইন্টার মায়ামি। ন্যাশভিলের কাছে ৪-১ গোলের বড় ব্যবধানে হেরেছে তারা। এই হারের ফলে সব প্রতিযোগিতা মিলিয়ে টানা তিন ম্যাচে পরাজয়ের স্বাদ পেল মায়ামি।
ম্যাচে জয় পেলে ইস্টার্ন কনফারেন্সের পয়েন্ট তালিকার শীর্ষে ওঠার সুযোগ ছিল মায়ামির। তবে এই হারের পর শীর্ষে থাকা ন্যাশভিলের সঙ্গে তাদের ব্যবধান বেড়ে দাঁড়িয়েছে পাঁচ পয়েন্টে। এর আগে লিগস কাপে মনতেরেরি ও লিওনের কাছে হেরেছিল মায়ামি।
ম্যাচের ১৭ মিনিটে অ্যান্ডি নাজার গোলে এগিয়ে যায় ন্যাশভিল। ২৩ মিনিটে পেনাল্টি থেকে সমতায় ফেরার সুযোগ পেয়েছিল মায়ামি। কিন্তু লিওনেল মেসির নেওয়া পেনাল্টি শট ঠেকিয়ে দেন ন্যাশভিলের গোলরক্ষক ব্রায়ান শোয়াকে। প্রথমার্ধের যোগ করা সময়ে মেসির সহায়তায় গোল করে মায়ামিকে সমতায় ফেরান তেলাসকো সেগোভিয়া।
দ্বিতীয়ার্ধে ম্যাচের নিয়ন্ত্রণ নিয়ে নেয় ন্যাশভিল। ৪৯ ও ৬৩ মিনিটে হানান মোখতার দুটি এবং ৫৭ মিনিটে স্যাম সারিজ একটি গোল করে দলের ৪-১ ব্যবধানের জয় নিশ্চিত করেন। ম্যাচের ৫৯ মিনিটে হলুদ কার্ড দেখা মেসি যোগ করা সময়ে আরও কিছু সুযোগ পেলেও গোল করতে ব্যর্থ হন।