উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
স্থানীয় সরকার নির্বাচনে ইসলামপন্থীদের ব্যাপকভাবে অংশগ্রহণের আহ্বান জানিয়েছেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক। তিনি বলেন, সৎ ও যোগ্য মানুষেরা যদি নির্বাচনে অংশ না নেন, তবে অসৎ ও দুর্নীতিবাজ ব্যক্তিরা জনপ্রতিনিধি হিসেবে প্রতিষ্ঠিত হওয়ার সুযোগ পাবেন।
মঙ্গলবার বিকেলে রাজধানীর মোহাম্মদপুরে বাংলাদেশ খেলাফত মজলিসের আমিরের রাজনৈতিক কার্যালয়ে দলের ‘তৃণমূলের প্রার্থী বাছাই কমিটি’র এক সভায় তিনি এসব কথা বলেন। মামুনুল হক উল্লেখ করেন, জনগণের কল্যাণ ও দেশের স্বার্থে সৎ ও যোগ্য ব্যক্তিদের সবার আগে এগিয়ে আসতে হবে, নতুবা কমিশনখোর ও চাঁদাবাজরা মেয়র বা চেয়ারম্যান নির্বাচিত হবেন।
স্থানীয় সরকারব্যবস্থাকে দুর্নীতিমুক্ত করতে নির্বাচনে অর্থশক্তি ও প্রভাবশালীদের আধিপত্য কমাতে নির্বাচন কমিশনকে কার্যকর ভূমিকা রাখার আহ্বান জানান তিনি। নির্বাচন কমিশনের নিষ্ক্রিয়তার কারণে অনেক সময় যোগ্য প্রার্থীরা প্রতিযোগিতায় আসতে পারেন না বলেও অভিযোগ করেন মামুনুল হক।
সভায় নির্বাচন পরিচালনা কমিটির সদস্যসচিব মাওলানা হাসান জুনাইদের পরিচালনায় আরও বক্তব্য দেন দলের মহাসচিব মাওলানা জালালুদ্দিন আহমদ, যুগ্ম মহাসচিব মাওলানা আতাউল্লাহ আমিন, মাওলানা তোফাজ্জল হোসাইন হোসেন মিয়াজী ও মাওলানা মুফতি শরাফত হোসেন।