উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মঙ্গলবার ব্যাপক বিক্রির চাপের মুখে অধিকাংশ কোম্পানির শেয়ারের দাম কমেছে। এদিন ডিএসইর প্রধান মূল্যসূচক ডিএসইএক্স ৪০ দশমিক ৬৪ পয়েন্ট কমে পাঁচ হাজার ৭৭৩ দশমিক ৬৩ পয়েন্টে নেমে এসেছে।
ডিএসইর সর্বশেষ তথ্য অনুযায়ী, শরিয়াহভিত্তিক ডিএসইএস সূচক ৭ দশমিক ৫৫ পয়েন্ট কমে এক হাজার ১৫০ দশমিক ২১ পয়েন্টে অবস্থান করছে। পাশাপাশি ব্লু-চিপ কোম্পানিগুলোর ডিএস-৩০ সূচক ১১ দশমিক ১৯ পয়েন্ট কমে দুই হাজার ১৬৪ দশমিক ৪৭ পয়েন্টে দাঁড়িয়েছে।
এদিন ডিএসইতে মোট ৩৯০টি কোম্পানি ও সিকিউরিটিজের লেনদেন হয়েছে। এর মধ্যে ৭৭টির দাম বেড়েছে, ২৬৬টির কমেছে এবং ৪৭টির দাম অপরিবর্তিত রয়েছে। দিনভর ২ লাখ ৪৭ হাজার ৭৮৩টি লেনদেনের মাধ্যমে ৩১ কোটি ৮৮ লাখ ৬৫ হাজার ৮৯৬টি শেয়ার ও ইউনিট হাতবদল হয়েছে, যার মোট মূল্য ৯৯৮ কোটি ১০ লাখ টাকার বেশি।
ক্যাটাগরিভিত্তিক হিসাবে ‘এ’ ক্যাটাগরির ১৯৮টি কোম্পানির মধ্যে ৪৬টির দাম বেড়েছে ও ১২৯টির কমেছে। ‘বি’ ক্যাটাগরির ৭৪টি কোম্পানির মধ্যে ৭টির দাম বেড়েছে ও ৬৫টির কমেছে। এছাড়া ‘জেড’ ক্যাটাগরির ১১৮টি কোম্পানির মধ্যে ২৪টির দাম বেড়েছে এবং ৭২টির দাম কমেছে।