উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
জুলাই গণ-অভ্যুত্থানের পর ব্যক্তির পরিবর্তন হলেও রাষ্ট্রের গুণগত কোনো পরিবর্তন হয়নি বলে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান। তিনি বলেন, সরকারের ছয় মাস অতিক্রান্ত হলেও দেশের সার্বিক পরিস্থিতির তেমন কোনো উন্নতি হয়নি।
আজ মঙ্গলবার রাজধানীর পুরানা পল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত নিয়মিত বৈঠকে সভাপতির বক্তব্যে গাজী আতাউর রহমান এসব কথা বলেন। সভায় গ্যাস ও বিদ্যুতের সমস্যায় জনদুর্ভোগ এবং উৎপাদন বিঘ্নিত হওয়ায় গভীর উদ্বেগ প্রকাশ করে জ্বালানি খাতে দীর্ঘমেয়াদি ও টেকসই সমাধানের ওপর জোর দেওয়া হয়।
মহাসচিব বলেন, দ্রব্যমূল্য মানুষের নাগালের বাইরে এবং জ্বালানি খাতে দফায় দফায় হয়রানির শিকার হতে হচ্ছে। জননিরাপত্তায় তেমন কোনো উন্নতি নেই এবং বিনিয়োগ পরিস্থিতিও ভয়াবহ। রাষ্ট্রের কাঠামোতে পরিবর্তন না আসা এবং নীতিগত সংস্কার না হওয়াই এর মূল কারণ।
তিনি আরও বলেন, জনপ্রত্যাশা পূরণে সংস্কার করতেই হবে। বিশেষ করে সাধারণ ভোটের আনুপাতিক হারের ভিত্তিতে উচ্চকক্ষ গঠন করতে হবে। সংস্কার না হলে আগামী পাঁচ বছরেও কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জিত হবে না। সভায় দলের যুগ্ম মহাসচিব আশরাফুল আলম, নেছার উদ্দিনসহ অন্য কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন।