উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
শিশু বয়সে বাবার সঙ্গে দেশ ছেড়েছিলেন মোহাম্মদ ফরিদ। প্রথমে পাকিস্তানে গিয়ে পা হারান, পরে পাচারকারীদের খপ্পরে পড়ে চলে যান তুরস্কে। এভাবে কেটে যায় দীর্ঘ ৩৫ বছর। অবশেষে দেশে ফেরার মাত্র ১২ ঘণ্টার মধ্যে ব্র্যাকের মাইগ্রেশন প্রোগ্রামের সহায়তায় খুঁজে পাওয়া গেছে তার পরিবারের সন্ধান।
ব্র্যাক জানিয়েছে, গত মঙ্গলবার ভোরে তুরস্ক থেকে একটি ফ্লাইটে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান ফরিদ। দীর্ঘদিন পর দেশে ফেরায় তিনি বাংলা ভাষা প্রায় ভুলে গেছেন। শুধু নিজের নাম, বাবা-মায়ের নাম এবং কিছু বিচ্ছিন্ন তথ্য ছাড়া আর কিছুই বলতে পারছিলেন না তিনি।
বিমানবন্দরের প্রবাসী কল্যাণ ডেস্ক থেকে তাকে ব্র্যাকের আশকোনা মাইগ্রেশন ওয়েলফেয়ার সেন্টারে হস্তান্তর করা হয়। এরপর ব্র্যাকের কর্মীরা স্থানীয় জনপ্রতিনিধি, গণমাধ্যমকর্মী ও স্থানীয় মানুষের সহযোগিতায় কক্সবাজারের উখিয়া উপজেলার মরিচ্যা পালং ইউনিয়নের নাছির পাড়ায় তার পরিবারের সন্ধান পান।
পারিবারিক সূত্রে জানা গেছে, ফরিদের বাবা মো. আয়ুব আলী বর্তমানে পাকিস্তানে রয়েছেন। ফরিদ তাদের বড় ছেলে। তার ছোট ভাই ছৈয়দ আলমকে দ্রুত ঢাকায় এনে ফরিদের সঙ্গে দেখা করানোর উদ্যোগ নেওয়া হয়েছে। ব্র্যাকের মাইগ্রেশন প্রোগ্রামের সহযোগী পরিচালক শরিফুল হাসান জানান, ফরিদকে দ্রুতই তার পরিবারের কাছে হস্তান্তর করা হবে।