উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
রাজধানীতে ট্রাফিক আইন অমান্যকারীদের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। ট্রাফিক বিভাগের বিশেষ অভিযানে ১ হাজার ৭৩০টি মামলা দায়ের করা হয়েছে। একই সঙ্গে আইন লঙ্ঘনের দায়ে ৫৮৯টি গাড়ি ডাম্পিং এবং ৩৪৮টি গাড়ি রেকার করা হয়েছে।
ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার নিয়াজ মেহেদী মঙ্গলবার সন্ধ্যায় এ তথ্য জানান। তিনি জানান, রাজধানীর বিভিন্ন এলাকায় শৃঙ্খলা ফেরাতে এই অভিযান চালানো হয়েছে। ডিএমপির আটটি ট্রাফিক বিভাগ—রমনা, লালবাগ, মতিঝিল, ওয়ারী, তেজগাঁও, মিরপুর, উত্তরা ও গুলশানে এই অভিযান পরিচালিত হয়।
পরিসংখ্যান অনুযায়ী, মিরপুর বিভাগে সর্বোচ্চ ৩৫৪টি এবং মতিঝিল বিভাগে ৩০৭টি মামলা করা হয়েছে। এছাড়া উত্তরা বিভাগে ২৬২টি, গুলশানে ২০৪টি, তেজগাঁওয়ে ১৭৪টি, ওয়ারীতে ১৫২টি, লালবাগে ১৪১টি এবং রমনা বিভাগে ১৩৬টি মামলা হয়েছে।
নিয়াজ মেহেদী আরও জানান, ঢাকা মহানগরীর ট্রাফিক ব্যবস্থার শৃঙ্খলা বজায় রাখতে ডিএমপির এমন অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে। ট্রাফিক আইন মেনে চলতে নগরবাসীর প্রতি আহ্বান জানিয়েছে পুলিশ প্রশাসন।