উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
তরুণদের খেলাধুলায় উদ্বুদ্ধ করতে ঢাকায় পা রেখেছেন আর্জেন্টিনার ফুটবল কিংবদন্তি ক্লদিও কানিজিয়া। ইফাদ পিলো চিপসের আয়োজনে রাজধানীর ফোর্টিস ডাউনটাউন রিসোর্ট অ্যান্ড গ্রাউন্ডসে অনুষ্ঠিত ‘আইএফএডি পিলো চিপস প্রেজেন্টস ঢাকা ইন্টার স্কুল চ্যাম্পিয়ন্স লিগ (ডিআইএসসিএল) ২০২৬’-এর গ্র্যান্ডফাইনালে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ম্যারাডোনার সাবেক এই সতীর্থ।
টুর্নামেন্টের ফাইনালে নৌবাহিনী কলেজ ৩-০ গোলে বিআইটি স্কুলকে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। বিশ্বখ্যাত এই তারকাকে কাছে পেয়ে এবং তার অনুপ্রেরণামূলক বক্তব্য শুনে উচ্ছ্বসিত হয়ে ওঠেন অংশগ্রহণকারী খুদে ফুটবলাররা। অনুষ্ঠানে বাংলাদেশে নিযুক্ত আর্জেন্টিনার রাষ্ট্রদূত মার্সেলো কার্লোস সেসা ও সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে ইফাদ মাল্টিপ্রোডাক্টস লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা কাজী আরিফ জামান বলেন, তরুণ প্রজন্মকে মুঠোফোনের আসক্তি থেকে বের করে মাঠে ফিরিয়ে আনাই এই আয়োজনের মূল লক্ষ্য। তিনি আরও বলেন, ফুটবল খেলার মাধ্যমে শৃঙ্খলা ও নেতৃত্বের মতো গুণাবলি বিকশিত হয়, যা তরুণদের স্বপ্ন পূরণে সহায়ক ভূমিকা পালন করবে।