উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
টেকসই উন্নয়নের জন্য সমাজ ও রাষ্ট্রে সবার সমান সুযোগ নিশ্চিত করা অপরিহার্য বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন। মঙ্গলবার (১৮ আগস্ট) রাজধানীর একটি হোটেলে আয়োজিত এক সংলাপে তিনি বলেন, বিজ্ঞান ও ইতিহাসের শিক্ষা অনুযায়ী সমতার ভিত্তিতে এগিয়ে যাওয়াই অগ্রগতির মূল চাবিকাঠি।
জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি (ইউএনডিপি), জিআইজেড ও নরওয়ে সরকারের যৌথ উদ্যোগে আয়োজিত এই সংলাপে মন্ত্রী কৃত্রিম বুদ্ধিমত্তা ও ডিজিটাল প্রযুক্তির ইতিবাচক ব্যবহারের ওপর গুরুত্বারোপ করেন। তিনি জানান, প্রযুক্তির বিকাশে তথ্যের প্রবাহ বাড়লেও ভুল ও বিভ্রান্তিকর তথ্য মোকাবিলা বর্তমান সময়ের বড় চ্যালেঞ্জ।
তথ্যমন্ত্রী আরও বলেন, গণমাধ্যমের স্বাধীনতা, দায়িত্বশীলতা এবং জনগণের তথ্য পাওয়ার অধিকারকে সমন্বিতভাবে দেখতে হবে। তিনি গণমাধ্যমকর্মীদের দক্ষতা বৃদ্ধির পাশাপাশি আন্তর্জাতিক অভিজ্ঞতা কাজে লাগিয়ে নিজস্ব সক্ষমতা গড়ে তোলার আহ্বান জানান।
প্রযুক্তির অপব্যবহারের ঝুঁকি নিয়ে সতর্ক করে মন্ত্রী বলেন, প্রযুক্তি মানুষের নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে তা মানবজাতির জন্য বিপদ ডেকে আনতে পারে। গণমাধ্যম আধুনিকায়নে গবেষণা, নীতিনির্ধারণ এবং আন্তর্জাতিক সহযোগিতার সমন্বয় অত্যন্ত জরুরি বলে তিনি উল্লেখ করেন।