উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
রাষ্ট্রপতি নির্বাচনে নির্ধারিত সময়ে কোনো প্রার্থীই তাদের প্রার্থিতা প্রত্যাহার করেননি। ফলে তফসিল অনুযায়ী আগামী বৃহস্পতিবার ক্ষমতাসীন দল বিএনপির প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও জামায়াত নেতৃত্বাধীন ১১–দলীয় ঐক্যের প্রার্থী অলি আহমদের মধ্যে প্রতিদ্বন্দ্বিতা অনুষ্ঠিত হবে।
মঙ্গলবার মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ সময় শেষে নির্বাচন কমিশন সচিবালয়ের জ্যেষ্ঠ সচিব আখতার আহমেদ এ তথ্য নিশ্চিত করেছেন। সর্বশেষ ১৯৯১ সালে রাষ্ট্রপতি পদে ভোট হয়েছিল, এরপর দীর্ঘ ৩৫ বছর পর এবারই প্রথম প্রতিদ্বন্দ্বিতামূলক নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে।
আগামী বৃহস্পতিবার বেলা ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত জাতীয় সংসদের সংসদ কক্ষে এই ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। বর্তমান সংসদে ৩৪৯ জন সংসদ সদস্য ভোটার হিসেবে তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন এবং ভোট গ্রহণ শেষে সংসদ কক্ষেই ফলাফল ঘোষণা করা হবে।
সংবিধানের ৭০ অনুচ্ছেদ অনুযায়ী সংসদ সদস্যদের দলের সিদ্ধান্তের বাইরে ভোট দেওয়ার সুযোগ না থাকায় বিএনপির প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীরের জয় অনেকটাই নিশ্চিত। গত ২৪ জুলাই মো. সাহাবুদ্দিনের পদত্যাগের পর ৯০ দিনের মধ্যে এই নির্বাচন সম্পন্ন করার বাধ্যবাধকতা রয়েছে।