উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
সিলেট বিভাগের চা-বাগান শ্রমিকদের সুরক্ষার লক্ষ্যে বিশেষ উদ্যোগ নিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মঙ্গলবার ১৮ আগস্ট সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে ১০ জন চা-শ্রমিকের হাতে রেইনকোট তুলে দিয়ে এই কার্যক্রমের সূচনা করেন তিনি। সমাজকল্যাণ মন্ত্রণালয়ের উদ্যোগে বেসরকারি খাতের সহায়তায় মোট ২০ হাজার রেইনকোট বিতরণ করা হবে।
প্রতিকূল আবহাওয়ায় চা-শ্রমিকদের কর্মপরিবেশ নিরাপদ করতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। এই রেইনকোট সরবরাহে বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রিজ (বাপি) ১০ হাজার, শেভরন বাংলাদেশ ৫ হাজার এবং পাণ্ডুঘর গ্রুপ ৫ হাজার রেইনকোট প্রদান করছে। অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেন, সমাজের সবাই এগিয়ে এলে বড় বড় সমস্যার সমাধান করা সম্ভব এবং মানবিক কাজে বেসরকারি খাতকে সরকার সব ধরনের সহযোগিতা করবে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সমাজকল্যাণ মন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন, বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির, শ্রমমন্ত্রী আরিফুল হক চৌধুরীসহ সরকারের উচ্চপদস্থ কর্মকর্তা ও বিভিন্ন আসনের সংসদ সদস্যরা। এ সময় বিভিন্ন বেসরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধিরাও উপস্থিত ছিলেন। চা-শ্রমিকদের পক্ষ থেকে মাজদিহি চা-বাগানের সন্তুকী রায় প্রধানমন্ত্রীকে চা-পাতা উপহার দেন এবং কৃতজ্ঞতা প্রকাশ করেন।