উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, সরকারি চাকরি কেবল একটি পেশা নয়, বরং এটি জনগণের সেবা করার একটি বড় সুযোগ। মঙ্গলবার সচিবালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। আইন ও বিচার বিভাগের আয়োজনে পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তাদের সংবর্ধনা ও অবসরপ্রাপ্তদের বিদায় অনুষ্ঠানে তিনি প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
মন্ত্রী বলেন, একটি মন্ত্রণালয়ের সফলতা কেবল ঊর্ধ্বতন কর্মকর্তাদের ওপর নির্ভর করে না, বরং প্রতিটি স্তরের কর্মীর অবদানের ওপর ভিত্তি করেই তা পরিচালিত হয়। তিনি আরও বলেন, পদোন্নতি পাওয়ার অর্থ হলো দায়িত্ব ও নিষ্ঠার পরিধি আরও বেড়ে যাওয়া। জনগণের প্রত্যাশা পূরণে আইন ও বিচার বিভাগের কর্মকর্তাদের পেশাদারিত্বের সঙ্গে কাজ করার আহ্বান জানান তিনি।
দীর্ঘ কর্মজীবন শেষ করা কর্মকর্তাদের অবদানের কথা স্মরণ করে মন্ত্রী বলেন, তাদের অর্জিত অভিজ্ঞতা ও কর্মনিষ্ঠা পরবর্তী প্রজন্মের জন্য অনুপ্রেরণা হিসেবে কাজ করবে। অনুষ্ঠানে আইন ও বিচার বিভাগের সচিব লিয়াকত আলী মোল্লাসহ বিভাগের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।