উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
চট্টগ্রামের পতেঙ্গা সমুদ্রসৈকতে নিখোঁজ হওয়ার তিন দিন পর মুফিদ আহমেদ শাওন নামের এক স্কুলছাত্রের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার ১৭ আগস্ট অজ্ঞাতপরিচয় হিসেবে মরদেহটি উদ্ধার করা হয়, যা পরবর্তীতে পরিবারের সদস্যরা চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে শনাক্ত করেন। শাওন নগরের হালিশহরের চট্টগ্রাম মডার্ন স্কুলের নবম শ্রেণির শিক্ষার্থী ছিল।
গত ১৫ আগস্ট পরীক্ষা শেষে বন্ধুদের সঙ্গে পতেঙ্গা সৈকতে ঘুরতে গিয়ে নিখোঁজ হয় শাওন। পরিবারের অভিযোগ, শাওনের বন্ধুরা ঘটনার বিষয়ে পরস্পরবিরোধী তথ্য দিয়েছিল। পরবর্তীতে পুলিশের জিজ্ঞাসাবাদে তারা জানায়, সাগরে গোসলে নামলে ঢেউয়ের তোড়ে শাওন তলিয়ে যায় এবং বন্ধুরা তাকে বাঁচাতে ব্যর্থ হয়।
এই ঘটনার পর বিষয়টি গোপন রেখে শাওনের স্কুলব্যাগ সাগরে ফেলে বন্ধুরা বাড়ি ফিরে যায় বলে দাবি পরিবারের। এ ঘটনায় শাওনের চার বন্ধুকে আসামি করে হালিশহর থানায় মামলা দায়ের করা হয়েছে। পুলিশ চার আসামিকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে।