উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
কুড়িগ্রাম সদর উপজেলার খেওয়ার আলগার চর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষকদের অনুপস্থিতি ও স্কুল তালাবদ্ধ থাকার ঘটনায় তোলপাড় সৃষ্টি হয়েছে। গত ১৭ আগস্ট বিদ্যালয়টিতে কোনো শিক্ষক উপস্থিত না থাকায় এবং জাতীয় পতাকা উত্তোলন না করায় শিক্ষার্থীরা বিক্ষোভ করে, যার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।
এই ঘটনার প্রেক্ষিতে বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোছা. ইশরাত জাহানসহ পাঁচ শিক্ষককে তিন কার্যদিবসের মধ্যে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। তাদের বিরুদ্ধে অভিযোগ, বিদ্যালয়ে উপস্থিত না থেকেও তারা হোয়াটসঅ্যাপের মাধ্যমে নিয়মিত হাজিরা দিয়ে আসছিলেন।
এদিকে বিষয়টি গুরুত্বের সঙ্গে নিয়ে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তাকে তদন্তের নির্দেশ দিয়েছে। পাশাপাশি, বিদ্যালয় তদারকিতে গাফিলতির অভিযোগে উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা ও সংশ্লিষ্ট সহকারী শিক্ষা কর্মকর্তার কাছেও ব্যাখ্যা তলব করা হয়েছে।
শিক্ষা মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, এই অব্যবস্থাপনার কারণে প্রাথমিক শিক্ষার গুণগত মান ব্যাহত হওয়ায় দায়ীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে। আগামী দুই থেকে তিন কার্যদিবসের মধ্যে সংশ্লিষ্টদের এই জবাব দাখিল করতে বলা হয়েছে।