উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
বাংলাদেশে অ্যামপ্লয়মেন্ট ভিসায় কর্মরত বিদেশি নাগরিকদের বেতন-ভাতা ব্যাংকিং চ্যানেলের মাধ্যমে গ্রহণ নিশ্চিত করতে নতুন নির্দেশনা দিয়েছে বাংলাদেশ ব্যাংক। এখন থেকে হালনাগাদ ওয়ার্ক পারমিটধারী সব বিদেশি নাগরিককে ব্যাংক হিসাব খুলতে হবে।
মঙ্গলবার ১৮ আগস্ট বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকে দেশের সব তফসিলি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তাদের কাছে এই সংক্রান্ত একটি নির্দেশনা পাঠানো হয়েছে। এতে ‘এ-৩’ ভিসাসহ সব ধরনের অ্যামপ্লয়মেন্ট ভিসা ক্যাটাগরির ক্ষেত্রে প্রচলিত কেওয়াইসি বা গ্রাহক পরিচিতি বিধি মেনে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে।
কেন্দ্রীয় ব্যাংকের নির্দেশনায় বলা হয়, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ২৯ এপ্রিলের পরিপত্র অনুযায়ী ‘এ-৩’ ভিসা ক্যাটাগরিতে কর্মরত বিদেশিদের বেতন-ভাতা ব্যাংকের মাধ্যমে গ্রহণ করা বাধ্যতামূলক। এছাড়া বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ বা বিডা থেকে ওয়ার্ক পারমিট নেওয়া এবং মেয়াদ শেষে তা নবায়ন করাও জরুরি।
ব্যাংক-কোম্পানি আইন, ১৯৯১-এর ৪৫ ধারায় প্রদত্ত ক্ষমতাবলে জনস্বার্থে এই সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। এর ফলে এখন থেকে সব বিদেশি কর্মীকে তাদের বেতন-ভাতা ব্যাংকিং চ্যানেলের মাধ্যমে গ্রহণ করতে হবে।