উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
বাংলাদেশে মানবসম্পদ উন্নয়নে চলমান ‘হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্ট স্কলারশিপ (জেডিএস)’ প্রকল্পের জন্য ৫৬ কোটি ৭০ লাখ ইয়েন অনুদান দিচ্ছে জাপান সরকার। বাংলাদেশী মুদ্রায় এই অর্থের পরিমাণ প্রায় ৪৩ কোটি সাত লাখ টাকা এবং মার্কিন ডলারে প্রায় ৩৫ লাখ ১০ হাজার ডলার। সোমবার (১৭ আগস্ট) এই অনুদান সংক্রান্ত নোট বিনিময় ও চুক্তি স্বাক্ষরিত হয়েছে বলে অর্থনৈতিক সম্পর্ক বিভাগ (ইআরডি) জানিয়েছে।
শেরেবাংলা নগরে আয়োজিত অনুষ্ঠানে বাংলাদেশ সরকারের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন ইআরডি সচিব মো: শাহরিয়ার কাদের সিদ্দিকী। জাপানের পক্ষে নোট বিনিময়ে স্বাক্ষর করেন বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত সাইদা শিনিচি এবং অনুদান চুক্তিতে স্বাক্ষর করেন জাইকা বাংলাদেশ অফিসের প্রধান প্রতিনিধি তাকাহাশি জুনকো। ২০০১ থেকে ২০৩০ সাল মেয়াদী এই প্রকল্পটি দেশের প্রশাসনিক ও প্রাতিষ্ঠানিক সক্ষমতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।
ইআরডি সূত্রে জানা গেছে, বাংলাদেশের একক বৃহত্তম দ্বিপক্ষীয় উন্নয়ন সহযোগী হিসেবে জাপান দীর্ঘদিন ধরে অবকাঠামো ও আর্থ-সামাজিক উন্নয়নে সহায়তা দিয়ে আসছে। এই নতুন অনুদানের ফলে বাংলাদেশী কর্মকর্তাদের জাপানের উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে অধ্যয়নের সুযোগ অব্যাহত থাকবে। সহজ শর্তের ঋণের পাশাপাশি কারিগরি সহায়তা ও অনুদানের মাধ্যমে জাপান বাংলাদেশের উন্নয়নে নিয়মিত অংশীদার হিসেবে কাজ করছে।