উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু জানিয়েছেন, বাংলাদেশ মৎস্য উৎপাদনে স্বয়ংসম্পূর্ণতা অর্জন করেছে এবং এখন লক্ষ্য হলো রপ্তানি বৃদ্ধি করা। মঙ্গলবার (১৮ আগস্ট) জাতীয় মৎস্য পক্ষ ২০২৬-এর সমাপনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
প্রতিমন্ত্রী আরও বলেন, হাওরাঞ্চলের মৎস্যচাষি ও জেলেদের কাছে সরকারি বার্তা পৌঁছে দিতেই এবার কেন্দ্রীয় আয়োজন ঢাকার বাইরে কিশোরগঞ্জের কটিয়াদীতে করা হয়েছে। দেশের মিঠাপানির মাছের একটি বড় অংশ হাওরাঞ্চল থেকেই আসে বলে তিনি উল্লেখ করেন।
মৎস্য ও প্রাণিসম্পদ সচিব মো. দেলোয়ার হোসেন অনুষ্ঠানে বলেন, সরকারি সেবা নিতে এসে কেউ যেন হয়রানির শিকার না হন, তা নিশ্চিত করতে হবে। দায়িত্ব পালনে কোনো গাফিলতি হলে সংশ্লিষ্টদের জবাবদিহির আওতায় আনা হবে বলেও তিনি হুঁশিয়ারি দেন।
মৎস্য অধিদপ্তরের মহাপরিচালক ড. মো. খালেদ কনক জানান, ২০০৩ সালের পর এবারই প্রথম ঢাকার বাইরে জাতীয় মৎস্য পক্ষের কেন্দ্রীয় আয়োজন হয়েছে। মাঠপর্যায়ের চাষিদের হাতে পুরস্কার তুলে দেওয়ার এই উদ্যোগ মৎস্য খাতের সঙ্গে জড়িতদের মধ্যে নতুন উদ্দীপনা সৃষ্টি করেছে।