উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
দুর্নীতি দমন কমিশনের (দুদক) নতুন চেয়ারম্যান হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন সুপ্রিম কোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি এ কে এম আসাদুজ্জামান। তার সঙ্গে কমিশনার হিসেবে যোগ দিয়েছেন সাবেক সচিব ড. জাহাঙ্গীর আলম খান ও ড. সাজ্জাদ হোসেন ভূঁইয়া। মঙ্গলবার দুপুর ২টার দিকে মন্ত্রিপরিষদ বিভাগে তারা আনুষ্ঠানিকভাবে যোগদান করেন।
দুদক সচিব সাইদুর রহমান সাংবাদিকদের জানান, বুধবার থেকে নতুন চেয়ারম্যান ও কমিশনাররা নিয়মিত অফিস শুরু করবেন। দায়িত্ব গ্রহণের প্রথম দিন তারা কমিশনের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করবেন। দীর্ঘ প্রতীক্ষার পর নতুন কমিশন দায়িত্ব নেওয়ায় দুদকের স্থবির হয়ে থাকা অনুসন্ধান ও তদন্ত কার্যক্রমে গতি ফিরবে বলে প্রত্যাশা করা হচ্ছে।
উল্লেখ্য, গত ৩ মার্চ পূর্ববর্তী কমিশন পদত্যাগ করার পর সরকার নতুন কমিশন গঠনের উদ্যোগ নেয়। মন্ত্রিপরিষদ সচিবের নেতৃত্বে গঠিত সার্চ কমিটির সুপারিশের ভিত্তিতে রাষ্ট্রপতি এ নিয়োগ চূড়ান্ত করেন। নিয়োগের প্রজ্ঞাপন অনুযায়ী, চেয়ারম্যান আপিল বিভাগের বিচারক এবং কমিশনাররা হাইকোর্ট বিভাগের বিচারকের সমমর্যাদা ও সুযোগ-সুবিধা ভোগ করবেন।