উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
মুক্তি বাণিজ্য চুক্তির সম্ভাবনা নিয়ে আলোচনা করেছে বাংলাদেশ এবং ভুটান। মঙ্গলবার (১৮ আগস্ট) রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় দুই দেশের চতুর্থ দফার পররাষ্ট্র সচিব পর্যায়ের আলোচনা প্ল্যাটফর্ম ফরেন অফিস কনসালটেশনে এ বিষয়ে আলোচনা হয়। বৈঠকে ঢাকার পক্ষে সভাপতিত্ব করেন পররাষ্ট্র সচিব আসাদ আলম সিয়াম এবং থিম্পুর পক্ষে দেশটির পররাষ্ট্র সচিব পেমা লেকতুপ দর্জি।
বৈঠকে উভয় পক্ষ পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে আঞ্চলিক ও বহুপাক্ষিক পর্যায়ে সহযোগিতার বিষয়েও মতবিনিময় করেছে। উভয় পক্ষই দুই দেশের সরকারের মধ্যে উচ্চ পর্যায়ের রাজনৈতিক যোগাযোগ এবং নিয়মিত আলোচনা আরও জোরদার করতে সম্মত হয়েছে। তারা বর্তমান সদিচ্ছা এবং রাজনৈতিক বোঝাপড়াকে বাস্তব ফলাফলে রূপান্তরিত করার গুরুত্বের উপর জোর দেন।
সংস্কৃতি, পর্যটন, কৃষি, মানবসম্পদ উন্নয়ন, শিক্ষা ক্ষেত্রে সহযোগিতা, প্রাতিষ্ঠানিক যোগসূত্র, যুব বিনিময় এবং ক্রীড়া ক্ষেত্রে সহযোগিতা বৃদ্ধির কথাও বৈঠকে উল্লেখ করা হয়। উভয়পক্ষ দ্বিপক্ষীয় বাণিজ্য বৃদ্ধি এবং বেসরকারি খাতের সহযোগিতা জোরদার, বাংলাদেশ-ভুটান প্রিফারেন্সিয়াল ট্রেড অ্যাগ্রিমেন্টের আওতায় পণ্যের কভারেজ সম্প্রসারণ এবং মুক্ত বাণিজ্য চুক্তির সম্ভাবনা খতিয়ে দেখার ওপর গুরুত্বারোপ করেন।
বাংলাদেশ গেলেফু মাইন্ডফুলনেস সিটি উদ্যোগের প্রতি সমর্থন ও আগ্রহ প্রকাশ করেছে এবং টেকসই উন্নয়ন, আঞ্চলিক সংযোগ এবং অভিন্ন সমৃদ্ধি প্রচারে এর সম্ভাবনাকে স্বাগত জানিয়েছে। বাংলাদেশ কুড়িগ্রামে ভুটানের বিশেষ অর্থনৈতিক অঞ্চল কার্যক্রম ত্বরান্বিত করার কথা পুনর্ব্যক্ত করেছে। উভয়পক্ষ সার্ক এবং বিমসটেক এর অধীনে আঞ্চলিক সহযোগিতা জোরদারের বিষয়ে মতবিনিময় করেন।