উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
মাদকের ব্যাপারে জিরো টলারেন্স নীতি গ্রহণ করা হয়েছে এবং কারবার ও চোরাচালানে জড়িত সকল গডফাদারদের ধরার সর্বাত্মক চেষ্টা চলছে। মঙ্গলবার (১৮ আগস্ট) দুপুরে বাংলাদেশ কোস্ট গার্ড সদর দপ্তরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই কথা জানান বাংলাদেশ কোস্ট গার্ডের মহাপরিচালক রিয়ার অ্যাডমিরাল মো. জিয়াউল হক। এর আগে সামুদ্রিক নিরাপত্তা ও উদ্ধার তৎপরতায় বাংলাদেশ কোস্ট গার্ড ও নৌপরিবহন অধিদপ্তরের মধ্যে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়।
সংবাদ সম্মেলনে কোস্ট গার্ডের মহাপরিচালক এবং নৌপরিবহন অধিদপ্তরের মহাপরিচালক কমডোর মো. শফিউল বারী নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে এই সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন। অনুষ্ঠানে বাংলাদেশ কোস্ট গার্ড ও নৌপরিবহন অধিদপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। দীর্ঘদিন ধরেই কোস্ট গার্ড নৌ সমুদ্র এলাকার নিরাপত্তায় কাজ করে যাচ্ছে বলে অনুষ্ঠানে উল্লেখ করা হয়।
মাদক নিয়ন্ত্রণে গত দুই বছরে শুধুমাত্র দেড় কোটি ইয়াবা আটক করা হয়েছে বলে সংবাদ সম্মেলনে জানানো হয়। মাদকের কারবার সমূলে নিয়ন্ত্রণে এই মুহূর্তে নতুন শক্তিশালী আইন পাস হতে যাচ্ছে এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরকেও আরও শক্তিশালী করা হচ্ছে।
মাদকের চাহিদা না কমলে শুধু সরবরাহ বন্ধ করা সম্ভব নয় বলে মন্তব্য করে কোস্ট গার্ড মহাপরিচালক বলেন, জনগণের সচেতনতা এবং সামাজিক ও পারিবারিক গুরুত্ব না বাড়লে ডিমান্ড কমানো যাবে না। এই অনুষ্ঠানে বাংলাদেশ কোস্ট গার্ড ও নৌপরিবহন অধিদপ্তরের পারস্পরিক সহযোগিতা বাড়ানোর বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়।