উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
জুলাই গণঅভ্যুত্থানের সময় দেশের বিভিন্ন কারাগার থেকে পালানো ২ হাজার ২৪৭ জনের মধ্যে এখনও ৬৯০ জন বন্দি পলাতক রয়েছেন। মঙ্গলবার দুপুরে কারা সদর দফতরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানিয়েছেন কারা মহাপরিদর্শক ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ মোতাহার হোসেন।
তিনি জানান, পালানো বন্দিদের মধ্যে ১ হাজার ৫৫৭ জনকে ইতোমধ্যে গ্রেপ্তার করা হয়েছে এবং বাকিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। তবে নরসিংদী কারাগার থেকে পালানো ৮২৬ জনের মধ্যে ১৬৬ জনের কোনো তথ্য এখনও পাওয়া যাচ্ছে না বলেও জানান তিনি।
সংবাদ সম্মেলনে কারা মহাপরিদর্শক আরও বলেন, কারাগারে কাউকে কোনো ধরনের বিশেষ সুবিধা দেওয়া হচ্ছে না এবং বর্তমানে দেশের ৭৫টি কারাগারের খাবার ও মানের ওপর নিয়ন্ত্রণ রয়েছে। ২১টি কারাগারের সংস্কার প্রয়োজন বলে তিনি উল্লেখ করেন।
মাদক ও দুর্নীতির বিষয়ে জিরো টলারেন্স নীতি গ্রহণ করা হয়েছে জানিয়ে তিনি বলেন, গত দুই বছরে ২১ জনকে বাধ্যতামূলক অবসর ও ৮২ জনকে চাকরিচ্যুত করা হয়েছে। কারারক্ষীরা মাদককাণ্ডে জড়িত হলে তাদের বিরুদ্ধে ফৌজদারি মামলা দিয়ে পুলিশের কাছে সোপর্দ করা হচ্ছে।