উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
চট্টগ্রামের কর্ণফুলী নদী থেকে অজ্ঞাতপরিচয় এক মধ্যবয়সি নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (১৮ আগস্ট) নগরের নতুন ফিশারিঘাট এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। জোয়ারের পানিতে ভেসে আসা মরদেহটি নদীর তীরে আটকে ছিল বলে জানায় সদরঘাট নৌ পুলিশ।
স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে। সদরঘাট নৌ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রব জানান, এখন পর্যন্ত ওই নারীর পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি।
পুলিশ জানায়, উদ্ধার হওয়া নারীর বাম পা ভাঙা এবং গোড়ালিতে আঘাতের চিহ্ন রয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহটি চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
পরিচয় শনাক্তের জন্য নিহতের আঙুলের ছাপ সংগ্রহ করা হবে। এই নারী কীভাবে নদীতে এলেন এবং তার মৃত্যুর প্রকৃত কারণ কী, তা খতিয়ে দেখছে পুলিশ।