উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
তৃণমূল পর্যায়ে ছড়িয়ে থাকা অনেক প্রতিভাবান খেলোয়াড় যথাযথ সুযোগ ও প্রশিক্ষণের অভাবে হারিয়ে যান। সরকারের উদ্যোগের মাধ্যমে এসব প্রতিভাকে খুঁজে বের করে বিকেএসপিতে ভর্তি করিয়ে পড়াশোনা ও খেলাধুলার দায়িত্ব নেওয়ার কথা জানিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক।
মঙ্গলবার রাজধানীর একটি হোটেলে আয়োজিত এক কর্মশালায় বিশেষ অতিথির বক্তব্যে তিনি এই কথা জানান। জাতীয় প্রাথমিক শিক্ষা অ্যাকাডেমির (নেপ) মহাপরিচালক ফরিদ আহমদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।
প্রতিবন্ধী শিশুদের খেলাধুলায় যুক্ত করার আহ্বান জানিয়ে প্রতিমন্ত্রী বলেন, বগুড়ায় আরফাত রহমান জাতীয় প্যারা স্পোর্টস ভিলেজ নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে। প্রতিবন্ধী ক্রীড়াবিদদের মধ্যে অনেকেই আন্তর্জাতিক সাফল্য অর্জন করেছেন এবং তাদের ভাতা কর্মসূচির আওতায় আনা হয়েছে।
তিনি আরও জানান, দেশের ৪ হাজার ৫৯৯টি ইউনিয়নে একটি করে খেলার মাঠ তৈরির পরিকল্পনা নেওয়া হয়েছে এবং এ বিষয়ে ৩০০ সংসদ সদস্য ও জেলা প্রশাসকদের চিঠি দেওয়া হয়েছে। এছাড়া বিভাগীয় বিকেএসপিগুলোকে স্বয়ংসম্পূর্ণ করার নির্দেশনা দেওয়া হয়েছে।