উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
নোয়াখালীর বেগমগঞ্জে বিয়ের গায়ে হলুদের অনুষ্ঠান ভিডিও করতে যাওয়ার পথে ইভেন্ট ব্যবস্থাপনার কর্মীদের লক্ষ্য করে গুলি ছুড়েছে দুর্বৃত্তরা। এতে ক্যামেরাম্যানসহ অন্তত পাঁচজন গুলিবিদ্ধ হয়েছেন। সোমবার রাত সাড়ে ১১টার দিকে উপজেলার আলাইয়াপুর ইউনিয়নের মৌশাকপুর গ্রামের গাজীটোলা এলাকায় এ ঘটনা ঘটে।
গুলিবিদ্ধরা হলেন নজরুল ইসলাম শান্ত, মারুফ আহাম্মেদ, জসিম উদ্দিন, সাকিব হোসেন ও বাবলু। তাদের উদ্ধার করে ২৫০ শয্যাবিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে একজনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।
আহত নজরুল ইসলাম শান্ত জানান, তিনটি মোটরসাইকেল ও দুটি সিএনজিচালিত অটোরিকশায় করে কয়েকজন নারীসহ তারা গায়ে হলুদের অনুষ্ঠানে যাচ্ছিলেন। এ সময় পেছন দিক থেকে তাদের লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি ছোড়া হয়। এতে তাদের মাথা, হাত ও পিঠে গুলি লাগে এবং তারা মোটরসাইকেল থেকে পড়ে যান। হামলাকারীদের মধ্যে স্থানীয় দুজনকে তারা চিনতে পেরেছেন।
বেগমগঞ্জ থানার ওসি মোহাম্মদ শামসুজ্জামান জানান, আরোহীদের পেছন দিক থেকে ছররা গুলি করা হয়েছে। ব্যক্তিগত কোনো পূর্ববিরোধ থেকে এ ঘটনা ঘটতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং তদন্ত সাপেক্ষে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।