উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
খুলনার কয়েকজন তরুণ ও তাদের অভিভাবক এক ভয়াবহ প্রতারণার ফাঁদে পড়েছেন। ৭০ হাজার থেকে ১ লাখ টাকা বেতনের লোভনীয় চাকরির আশায় তারা এখন চরম বিপাকে। কম্পিউটারসংশ্লিষ্ট কাজের স্বপ্ন দেখিয়ে দালালচক্র তাদের কম্বোডিয়ায় নিয়ে আন্তর্জাতিক মাফিয়াদের হাতে তুলে দিয়েছে।
সেখানে চীনা ও থাই মাফিয়ারা তরুণদের জিম্মি করে অনলাইনে সেক্সুয়াল চ্যাটিংসহ বিভিন্ন পর্নোগ্রাফিক কাজে বাধ্য করছে। পাচারকারীদের নির্দেশনা অনুযায়ী কাজ না করলে নেমে আসে অমানুষিক নির্যাতন, এমনকি দেওয়া হয় ইলেকট্রিক শকও।
অনুসন্ধানে জানা গেছে, জিহাদ ও তার স্ত্রী দীর্ঘদিন ধরে এই অপকর্ম চালিয়ে যাচ্ছে। সরল বিশ্বাসে জমিজমা বিক্রি করে ৬ থেকে সাড়ে ৬ লাখ টাকা এই দম্পতির হাতে তুলে দিয়েছিলেন ভুক্তভোগী তরুণরা। কিন্তু কম্বোডিয়ায় পৌঁছানোর পরই তাদের স্বপ্ন ভেঙে যায়।
দেশে এমন আরও অনেক মানব পাচারকারী চক্র সক্রিয় রয়েছে, যারা গ্রামের সহজ-সরল যুবকদের ফাঁদে ফেলছে। এ ধরনের প্রতারকচক্রকে দ্রুত আইনের আওতায় আনা জরুরি। পাশাপাশি যে কোনো চাকরির প্রস্তাব যাচাই-বাছাই না করে পা না দিতে সচেতন হতে হবে চাকরিপ্রার্থী ও অভিভাবকদের।