উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
সৌরবিদ্যুৎ উৎপাদনের প্রয়োজনীয় সরঞ্জাম আমদানিতে সরকার ঘোষিত শুল্ক-কর সুবিধা নিশ্চিত করতে মাঠপর্যায়ের কাস্টমস হাউজ ও এলসি স্টেশনগুলোকে নির্দেশ দিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। সোমবার (১৭ আগস্ট) এনবিআরের রাজস্ব ভবন থেকে জারি করা এক পরিপত্রে এ নির্দেশনা দেওয়া হয়।
পরিপত্রে বলা হয়েছে, ২০২৬-২৭ অর্থবছরের বাজেটে সৌরবিদ্যুৎ উৎপাদনের প্রয়োজনীয় পণ্য আমদানিতে শুল্ক-কর ছাড়ের ঘোষণা দেওয়া হলেও মাঠপর্যায়ে পণ্য খালাসে জটিলতা ও দীর্ঘসূত্রতা তৈরি হচ্ছে। বিষয়টি নজরে আসার পর কাস্টমস আইন, ২০২৩-এর ধারা ২৬৬-এর ক্ষমতাবলে এই নির্দেশনা জারি করেছে এনবিআর।
এনবিআর জানিয়েছে, সৌর প্যানেল ও ইনভার্টারের এইচএস কোড নিয়ে বিভ্রান্তি থাকলেও নির্ধারিত শর্ত পূরণ সাপেক্ষে আমদানিকারকদের সুবিধা দিতে হবে। শুধু এইচএস কোডের পার্থক্যের কারণে আমদানিকারকদের ঘোষিত শুল্ক-কর সুবিধা থেকে বঞ্চিত করা যাবে না।
কোনো প্রতিষ্ঠান সৌরবিদ্যুৎ উৎপাদনের জন্য সৌর প্ল্যান্ট স্থাপন করতে চাইলে প্রয়োজনীয় সব পণ্যের ক্ষেত্রে কেবল এক শতাংশ কাস্টমস ডিউটি দিয়ে পণ্য খালাস করা যাবে। তবে বাণিজ্যিক আমদানিকারকদের ক্ষেত্রে এক শতাংশ কাস্টমস ডিউটি ছাড়াও সাত দশমিক পাঁচ শতাংশ আগাম কর এবং পাঁচ শতাংশ অগ্রিম আয়কর প্রযোজ্য থাকবে, যা পরবর্তীতে সমন্বয়যোগ্য।