উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য ও প্রিমিয়ার ব্যাংকের সাবেক চেয়ারম্যান এইচ বি এম ইকবালের বনানীর কার্যালয়ে চার দিনব্যাপী অভিযান চালিয়ে সেটি সিলগালা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। রাজধানীর বনানীর ইকবাল সেন্টারের ১৬ তলায় অবস্থিত ওই কার্যালয় থেকে বিপুল পরিমাণ সম্পদের দলিল, চেক বই, ইলেকট্রনিক যন্ত্র ও এফডিআর নথি জব্দ করা হয়েছে।
দুদকের উপপরিচালক মো. হোসাইন শরীফের নেতৃত্বে প্রিমিয়ার গ্রুপের বিরুদ্ধে অভিযোগ অনুসন্ধানে এ অভিযান চালানো হয়। তিনি জানান, পুরো ইকবাল সেন্টার সিলগালা করা হয়নি, কেবল ইকবালের চেম্বার ও একজন পরিচালকের কক্ষ সিলগালা করা হয়েছে। একজন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে তল্লাশি চালিয়ে গত বুধবার কার্যালয়টি সিলগালা করা হয়।
অভিযান শেষে জব্দ করা জিনিসের পাঁচটি আলাদা তালিকা করা হয়েছে, যার মধ্যে সম্পদের দলিলের তালিকাই প্রায় ৩৭ পৃষ্ঠার। জব্দ করা সামগ্রীর মধ্যে রয়েছে তিন শতাধিক সম্পদের দলিল, ৫০০ থেকে ৬০০টির বেশি চেক বই, প্রায় দেড় লাখ টাকা এবং সাতটি ইলেকট্রনিক যন্ত্র। জব্দ করা যন্ত্রগুলোর মধ্যে একটি ম্যাকবুক, কয়েকটি মুঠোফোন, একটি নেক্সাস ট্যাব ও একটি আইপ্যাড রয়েছে।
এদিকে এইচ বি এম ইকবাল ও তাঁর সহযোগীদের বিরুদ্ধে অর্থ পাচারের অভিযোগ অনুসন্ধানের অংশ হিসেবে প্রিমিয়ার গ্রুপের তিন কর্মকর্তাকে জিজ্ঞাসাবাদ শুরু করেছে দুদক। জিজ্ঞাসাবাদ করা কর্মকর্তারা হলেন—প্রধান নির্বাহী কর্মকর্তা মোস্তফা তালুকদার, প্রধান আর্থিক কর্মকর্তা মিজানুর রহমান ও মহাব্যবস্থাপক এ ডি এম নাজমুল ইসলাম। দুদকের তথ্য অনুযায়ী, প্রিমিয়ার গ্রুপের অনিয়মের অভিযোগে এ পর্যন্ত ১৬টি মামলা হয়েছে এবং আরও পাঁচটি মামলার সুপারিশ প্রক্রিয়াধীন রয়েছে।