উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
রাজধানীর এলিফ্যান্ট রোডে একটি শপিং ব্যাগের ভেতর থেকে কয়েকটি ককটেল সদৃশ বস্তু উদ্ধার করেছে পুলিশ। সোমবার (১৭ আগস্ট) রাত ১০টার দিকে এলিফ্যান্ট রোডের বাটা সিগন্যাল মোড়ে নিউমার্কেট যাওয়ার রাস্তা থেকে এগুলো উদ্ধার করা হয়।
প্রত্যক্ষদর্শীরা জানান, রাতে কয়েকজন মাস্ক পরা যুবক ওই এলাকায় হাতাহাতি করছিল। তারা চলে যাওয়ার পর সেখানে একটি শপিং ব্যাগ পড়ে থাকতে দেখা যায়। ব্যাগের ভেতর লাল টেপ মোড়ানো কয়েকটি বস্তু দেখে স্থানীয়রা পুলিশে খবর দেন।
ঢাকা মেট্রোপলিটন পুলিশের রমনা বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) শেখ জাহিদুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, জর্দার কৌটা থেকে মাঝারি সাইজের কৌটাগুলো লাল টেপ দিয়ে মোড়ানো ছিল।
খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থল ঘিরে ফেলে এবং ডিএমপির বোম্ব ডিসপোজাল ইউনিটকে খবর দেয়। পরে বোম্ব ডিসপোজাল ইউনিটের সদস্যরা এসে বস্তুগুলো পরীক্ষা করে তাদের সঙ্গে নিয়ে যান।