উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
বাংলাদেশে প্রচলিত অর্থবছর পরিবর্তনের সিদ্ধান্ত নিয়েছে মন্ত্রিসভা। আগামী ২০২৮-২৯ অর্থবছর থেকে এপ্রিল-মার্চ সময়সীমাকে নতুন অর্থবছর হিসেবে নির্ধারণ করে সরকারের সব কার্যক্রম শুরু করা হবে। সোমবার প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়।
প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে জানানো হয়েছে, নতুন নিয়মে যাওয়ার প্রক্রিয়াস্বরূপ আগামী ২০২৭-২৮ অর্থবছরকে ট্রানজিশনাল বছর হিসেবে বিবেচনা করা হবে। ওই অর্থবছরটি জুলাই থেকে মার্চ পর্যন্ত মোট ৯ মাসে শেষ করা হবে। বর্তমানে বাংলাদেশে ১ জুলাই থেকে ৩০ জুন পর্যন্ত অর্থবছর হিসাব করা হয়।
বৈঠক শেষে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, জুলাই-আগস্ট বর্ষাকালে অবকাঠামো উন্নয়ন কাজ চলমান থাকায় কাজের গুণগত মান নষ্ট হয়, প্রকল্প দীর্ঘায়িত হয় এবং জনগণের দুর্ভোগ বাড়ে। নতুন নিয়মে এপ্রিল-মার্চ সময়কে অর্থবছর হিসেবে ব্যবহার করা হলে বর্ষার আগেই উন্নয়ন কাজ শেষ করা সম্ভব হবে।
প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, "এপ্রিল-মার্চ সময়কে অর্থবছর হিসেবে ব্যবহার করা হলে বর্ষার আগেই অবকাঠামোগত উন্নয়ন কার্যক্রম সম্পন্ন করা সম্ভব হবে। এজন্য ১ এপ্রিল থেকে ৩১ মার্চ অর্থবছর নির্ধারণ যুক্তিযুক্ত।"