উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
আলজেরিয়ার রাজধানী আলজিয়ার্সে অবস্থিত বাংলাদেশ দূতাবাসে জুলাই গণঅভ্যুত্থান দিবসের দ্বিতীয় বার্ষিকী পালন করা হয়েছে। সোমবার (১৭ আগস্ট) দূতাবাসের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
অনুষ্ঠানের শুরুতে জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়। এরপর রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, পররাষ্ট্রমন্ত্রী ও পররাষ্ট্র প্রতিমন্ত্রীর পাঠানো বাণী পাঠ করেন দূতাবাসের কর্মকর্তারা। এ সময় জুলাই গণঅভ্যুত্থানের ওপর নির্মিত একটি প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়।
অনুষ্ঠানে আলজেরিয়ায় নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মো. নজমুল হুদা শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা ও আহতদের প্রতি সহমর্মিতা জানান। তিনি বলেন, জুলাই বিপ্লবের মূল চেতনা ছিল সমাজ থেকে সব ধরনের বৈষম্য ও অবিচার দূর করে জনগণের গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠা করা।
রাষ্ট্রদূত আরও বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন গণতান্ত্রিক সরকার জুলাই বিপ্লবের চেতনা ও আকাঙ্ক্ষা পূরণে প্রতিশ্রুতিবদ্ধ। তিনি প্রবাসী বাংলাদেশিদের দেশের উন্নয়নে ভূমিকা রাখার এবং ‘বাংলাদেশ ফার্স্ট’ নীতি বাস্তবায়নে কাজ করার আহ্বান জানান।
আলোচনা সভায় উপস্থিত অতিথিরা জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানের শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। অনুষ্ঠান শেষে শহীদদের আত্মার মাগফিরাত এবং দেশের শান্তি ও সমৃদ্ধি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।